ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই নারীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত| পরে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়|
বুধবার (২৪ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনকালে দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে হাতেনাতে আটক করা হয়|
আটককৃতরা হলেন, উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরশিহারী গ্রামের রাসেল মিয়ার স্ত্রী দিল রুবা সুলতানা (২৫), ও সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের মৃত আবুল কালাম মেয়ে পলি আক্তার (২২)|
জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রভাবিত করে বাইরে নির্দিষ্ট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার কিংবা চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল একটি দালালচক্রের বিরুদ্ধে| এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ রোগী ও তাদের স্বজনরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছিলেন| বিষয়টি প্রশাসনের নজরে এলে স্বাস্থ্য কমপ্লেক্সে নজরদারি বাড়ানো হয়|
এরই ধারাবাহিকতায় বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আকস্মিক অভিযান পরিচালনা করা হয়| অভিযানের সময় দুই নারীকে দালালির কর্মকাণ্ডে জড়িত অবস্থায় শনাক্ত করে আটক করা হয়| পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়|
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান| আদালত দুই নারীকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন|
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি হাসপাতালের সেবার পরিবেশ স্বচ্ছ ও দালালমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে| স্বাস্থ্যসেবা নিতে আসা রোগীদের হয়রানি বা বিভ্রান্ত করার কোনো সুযোগ দেওয়া হবে না| হাসপাতালকে দালালমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে|
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাকির হোসেন এবং হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারি ও ঈশ্বরগঞ্জ থানার পুলিশ টিম|
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, হাসপাতাল ও সরকারি সেবা প্রতিষ্ঠানে দালালচক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং জন স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|