Dainik Swajan

ঈশ্বরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ণ
সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি :
ঈশ্বরগঞ্জে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতি সুদৃঢ় করতে আন্তঃধর্মীয় সংলাপ

ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (২৩ জুন) উপজেলা পরিষদ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহায়তায় এবং ঈশ্বরগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর আয়োজনে “বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা এবং সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ” শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়|

পিএফজির সমন্বয়কারী ও দৈনিক ইত্তেফাকের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং পিস অ্যাম্বাসেডর নীলকণ্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান|

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজম, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁঞা মনি এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. আতিকুর রাজ্জাক ভুঁঞা হীরা|
অনুষ্ঠানের শুরুতে সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের মাঠ সমন্বয়কারী মোহাম্মদ আখতারুজ্জামান| প্রবন্ধে ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা, শান্তিপূর্ণ সহাবস্থান, সামাজিক সম্প্রীতি এবং স্থানীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠায় নাগরিক সমাজ, ধর্মীয় নেতা, রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সম্বন্বিত ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়|
সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশ বহুধর্ম, মত ও বহুসংস্কৃতির দেশ| এ দেশের দীর্ঘদিনের ঐতিহ্য পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ| সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বিভেদ নয়, বরং পারস্পরিক আস্থা, সংলাপ, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলা প্রয়োজন

|
বক্তারা আরও বলেন, গুজব, বিদ্বেষমূলক বক্তব্য, উসকানি ও সহিংসতা সামাজিক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ| এসব প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে| বিশেষ করে তরুণ সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের সম্মিলিত উদ্যোগে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে হবে|
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদরাসার পরিচালক মুফতি মাহমুদুল হক আজীজী, সোহাগী জামিয়া মাহমুদিয়া দারুস সালামের সহকারী পরিচালক মুফতি নাইমুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মুফতি আহসানুল্লাহ কাসেমী, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উদয় সরকার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আহ্বায়ক চন্দন রঞ্জন সরকার, উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. শরীফ উদ্দিন এবং কালিবাড়ী শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দিরের পুরোহিত ডালিম চক্রবর্তী|

সংলাপে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, পেশাজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন|

অনুষ্ঠান শেষে বক্তারা ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা জোরদার, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন| পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান|

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন