Dainik Swajan

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ণ
ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয় ৫ উইকেটে। ২১ বছর আগে কার্ডিফে সর্বশেষ অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে অজিদের বিপক্ষে সিরিজ জয়ের ইতিহাস গড়েছে তারা। দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে ওয়ানডে সিরিজ। ১৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩৫ ওভারেই তা পার করেছে বাংলাদেশ।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুর ওভারে তানজিদ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তার পর অবশ্য সৌম্য সরকার (৪২) ও নাজমুল হোসেন শান্তই (৪২) জয়ের ভিত গড়েছেন। দুজনে ফিফটি করতে ব্যর্থ হলেও ৮৬ রানের জুটিতে দলকে শত রানের কাছে পৌঁছে দেন। তাদের জুটি ভাঙার পর ইনিংস লম্বা করতে ব্যর্থ হন লিটন দাস (২১) ও মোসাদ্দেক হোসেন (১৫)। তখন কিছুটা চাপ সৃষ্টি হলেও মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয় ৫১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৩৫ ওভারে জয় নিশ্চিত করেন। ৫৫ বলে ৪০ রানে অপরাজিত থাকেন হৃদয় (৪০) আর মিরাজ ২২ রানে অপরাজিত থাকেন।  অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন জেভিয়ের বার্টলেট, রাইলি মেরিডিথ, অ্যাডাম জাম্পা, ম্যাট রেনশ ও ক্যামেরন গ্রিন।

এর আগে টস জিতে বাংলাদেশের আগুনে বোলিংয়ে বিধ্বস্ত হয়েছিল অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের আঘাতে শূন্যরানে হারিয়ে বসে ৩ উইকেট। ৮১ রানের মধ্যে হারিয়ে বসেছিল ষষ্ঠ উইকেটও। তখন আরও কমে গুটিয়ে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল। তার পর অবশ্য অজিদের সেখান থেকে টেনে তোলার কঠিন কাজটি করেন মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট। দুজনে হাফসেঞ্চুরি করে ১০৩ রান যোগ করেছেন। তাদের এই জুটিতে ভর করেই ৮উইকেটে বৃষ্টি নামার আগ পর্যন্ত ৪২ ওভারে ১৮৭ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।

তার পর বৃষ্টি আইনে নতুন লক্ষ্য নির্ধারণ হয় ১৯২ রান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট নেন। দুটি নেন তানভীর ইসলাম।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন