Dainik Swajan

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ৪০

প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ণ
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ৪০

স্বজন ডেস্ক :

যুদ্ধবিরতি চুক্তি থাকার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৪০ জন।

বুধবার (২৭ মে) লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ-এর তথ্যমতে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বুর্জ আল-শামালি, কাওথারিয়াত আল-রিজ, হাব্বুশ, মাআরাকেহ এবং সেলা শহরগুলোকে লক্ষ্য করে এই বিমান হামলা চালায়। এর মধ্যে বুর্জ আল-শামালিতে চালানো একটি একক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

সংবাদ সংস্থাটি আরো জানায়, যুদ্ধবিমানগুলো পূর্ব লেবাননের কারাউন বাঁধের কাছে অন্তত তিনটি শক্তিশালী বিমান হামলা চালিয়েছে। এই বাঁধটি লেবাননের সবচেয়ে বড় পানির আধার হিসেবে পরিচিত।

ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর ড্রোন হামলার জবাবে গোষ্ঠীটির বিরুদ্ধে হামলা আরো জোরদার করার হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর পরপরই এই বিমান হামলাগুলো চালানো হলো।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত ২ মার্চ থেকে লেবাননে ব্যাপক আক্রমণ চালিয়ে আসছে ইসরায়েল। এতে প্রায় ৩ হাজার ২০০ মানুষ নিহত, ৯ হাজার ৬০০ জনেরও বেশি আহত এবং ১৬ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গত ১৭ এপ্রিল মার্কিন মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়া এবং পরবর্তীতে তা জুলাইয়ের শুরু পর্যন্ত বাড়ানো সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী তাদের প্রতিদিনের হামলা অব্যাহত রেখেছে।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন