Dainik Swajan

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ণ
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

স্বজন ডেস্ক : নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছে। রবিবার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি মিয়ানমার সীমান্তের জিরো পয়েন্টের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় বিস্ফোরণ ঘটে।

নিহতরা হলেন, ঞোমং তংচঙ্গ্যার ছেলে অক্যমং তংচঙ্গ্যা (৪০), মৃত উইমং তংচঙ্গ্যার ছেলে চিক্যং তংচঙ্গ্যা (৩৪) এবং সুনি অং তংচঙ্গ্যার ছেলে শৈফুচিং তংচঙ্গ্যা (৩২)। তারা সকলে ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভালুকা পাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে তুমব্রু নোম্যান্সল্যান্ডের ৪২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কলাবাগানে কাজ করতে যায় ওই তিন ব্যক্তি। এ সময় সীমান্ত এলাকায় মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন হঠাৎ বিস্ফোরণ হলে অক্যমং তংচঙ্গ্যা নিহত হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে সঙ্গে থাকা অপর দুইজনও মাইন বিস্ফোরণে প্রাণ হারায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে এমন খবর পেয়েছেন। পুলিশ ও বিজিবি এ বিষয়টি দেখছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন